ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল

আমানতকারীদের আস্থা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত, দায়িত্বে নির্বাহী পরিচালক জহির হোসেন।

নিজস্ব প্রতিবেদক: আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার ও চলমান সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।

রোববার বিকেলে ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। পরে রাতে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ব্যাংক, আমানতকারী ও জনস্বার্থে জরুরি বিবেচনায় করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ করবেন, তবে এর বাইরে কোনো অতিরিক্ত ভূমিকা থাকবে না।

এদিকে চলমান তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ওভারনাইট-ওডি’ সুবিধার আওতায় ৯০ দিনের জন্য সাড়ে ১১ শতাংশ সুদে এ অর্থ দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকের চেক নিষ্পত্তি পুনরায় চালু হয়েছে।

সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হলে গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলনের কারণে ব্যাংকটি তীব্র তারল্য সংকটে পড়ে। অনেক শাখায় গ্রাহকরা চাহিদামতো টাকা তুলতে পারছিলেন না, বন্ধ হয়ে যায় এটিএম ও অনলাইন সেবাও।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান আগেই আশ্বাস দিয়েছিলেন, এ সংকট সাময়িক এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার পর ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইনও গ্রাহকদের উদ্বেগ দূর করতে আশ্বস্ত করেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চলছে এবং অল্প সময়ের মধ্যেই ব্যাংকিং সেবা পুরোপুরি সচল হবে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, চেয়ারম্যান নিয়োগ নিয়ে সৃষ্ট বিতর্কই এই সংকটের মূল কারণ। এ পরিস্থিতিতে পরিচালনা পর্ষদ বাতিলের সিদ্ধান্ত ব্যাংকটির স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি