নোরার সমর্থনে মরক্কো, হাকিমিকে ঘিরে নতুন গুঞ্জন

বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই নোরা ফাতেহির ব্যক্তিজীবন নিয়ে আলোচনা, প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা।

টুইট প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উত্তাপ মাঠের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে বিনোদন অঙ্গনেও। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে তার প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করার পর এবার ব্রাজিল–মরক্কো ম্যাচকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে তার নাম।

বিশেষ করে মরক্কো জাতীয় ফুটবল দলের প্রতি নোরার প্রকাশ্য সমর্থনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়েছে। আলোচনায় এসেছে মরক্কো দলের অধিনায়ক ও তারকা ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে তার কথিত সম্পর্কের বিষয়টিও।

বিভিন্ন আন্তর্জাতিক বিনোদনমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আলোচনায় দাবি করা হচ্ছে, নোরা ব্যক্তিগতভাবে মরক্কোর একজন নিবেদিত সমর্থক। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের একটি ম্যাচে তার উপস্থিতি নিয়েও তখন ব্যাপক আলোচনা হয়েছিল। অনেকেই মনে করেন, হাকিমিকে সমর্থন জানাতেই তিনি স্টেডিয়ামে গিয়েছিলেন।

পরে আশরাফ হাকিমি নোরার একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে প্রতিক্রিয়া জানানোর পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। যদিও তাদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।

তবে নোরার মরক্কোপ্রেমের পেছনে আরেকটি কারণও আলোচনায় রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, তার পারিবারিক শেকড় মরক্কোয় হওয়ায় দেশটির প্রতি তার স্বাভাবিক আবেগ রয়েছে। ফলে হাকিমির সঙ্গে সম্পর্কের গুঞ্জন এবং মরক্কোর প্রতি সমর্থন,দুই বিষয় মিলিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

অন্যদিকে, ব্যক্তিজীবনের আলোচনার পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন নোরা ফাতেহি। বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক সঞ্জয় এবং ফরাসি শিল্পী ভেজেড্রিমের সঙ্গে তার পরিবেশিত বিশ্বকাপের সংগীত ‘সির সির’ ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। নোরা নিজেও এটিকে নিজের অন্যতম প্রিয় কাজ বলে উল্লেখ করেছেন।

সব মিলিয়ে বিশ্বকাপের আবহে নোরা ফাতেহি এখন একযোগে আলোচনায় তার মঞ্চ পরিবেশনা, মরক্কোর প্রতি সমর্থন এবং আশরাফ হাকিমিকে ঘিরে চলা প্রেমের গুঞ্জনের কারণে।

তবে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি না থাকায় বিষয়টি এখনও কৌতূহল ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।