চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবি, প্রধান অতিথি জামায়াত আমির।

টুইট প্রতি‌বেদক: জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে আজ চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আজ শনিবার (১৩ জুন) চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। এছাড়া জোটের কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।

আয়োজকদের দাবি, সমাবেশ সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার কার্যক্রমও চালানো হয়েছে।

জানা গেছে, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং এ বিষয়ে গণভোটের রায় কার্যকরের দাবিতে গত ৩০ এপ্রিল লিয়াজোঁ কমিটির বৈঠক ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক সমাবেশ কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ মে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সমাবেশ আজ চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী কর্মসূচি অনুযায়ী ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ করবে জোটটি। সবশেষে আগামী অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এর আগে একই দাবিতে গত ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে গণমিছিল কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য।

অন্যদিকে, সীমান্তে হত্যাকাণ্ড ও কথিত ‘পুশইন’ প্রচেষ্টার প্রতিবাদে পৃথক কর্মসূচিও ঘোষণা করেছে জোটটি। এর অংশ হিসেবে শুক্রবার সীমান্তবর্তী জেলাগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আগামী সোমবার ঢাকায় প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ ও সংস্কার ইস্যুকে সামনে রেখে ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। চট্টগ্রামের সমাবেশে অংশগ্রহণের পরিমাণ ও নেতাদের বক্তব্য ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।