ইনস্টাগ্রামে ‘অভিশাপ’ ফাঁদ, ২০ লাখ ডলারে বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রেম ও দুর্ভাগ্য কাটানোর প্রলোভনে স্বঘোষিত জ্যোতিষীর প্রতারণা, অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা।

টুইট প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অভিশাপ মুক্তি’ ও ‘ভাগ্য পরিবর্তনের’ প্রলোভন দেখিয়ে এক ওয়াশিংটন অঙ্গরাজ্যের নারীর কাছ থেকে ২০ লাখ মার্কিন ডলারেরও বেশি অর্থ ও স্বর্ণমুদ্রা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক দম্পতির বিরুদ্ধে ডাক ও বৈদ্যুতিক লেনদেন জালিয়াতিসহ একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্ত ব্রিজেট ডরিন ইভান্স ছদ্মনাম ব্যবহার করে নিজেকে একজন আধ্যাত্মিক পরামর্শদাতা ও জ্যোতিষী হিসেবে পরিচয় দিতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ব্যক্তিদের খুঁজে বের করতেন, যারা বিবাহবিচ্ছেদ, প্রিয়জনের মৃত্যু, একাকীত্ব বা ব্যক্তিগত সংকটে ভুগছিলেন। এরপর তাদের বোঝানো হতো, জীবনের দুর্ভাগ্যের পেছনে রয়েছে এক রহস্যময় ‘অভিশাপ’।

অভিযোগ অনুযায়ী, ওয়াশিংটনের এক নারীকে বলা হয়, তার অর্থ-সম্পদের ওপর অশুভ প্রভাব রয়েছে এবং সেই অভিশাপ দূর করতে হলে সব সম্পদ নগদ অর্থ বা স্বর্ণমুদ্রায় রূপান্তর করে ‘শুদ্ধিকরণের’ জন্য পাঠাতে হবে। অভিযুক্তরা আশ্বাস দিয়েছিলেন, আচার-অনুষ্ঠান শেষে সব সম্পদ ফেরত দেওয়া হবে। কিন্তু বাস্তবে অধিকাংশ অর্থ আর ফেরত দেওয়া হয়নি।

তদন্তকারীদের দাবি, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত অন্তত তিনজন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ২৫ লাখ ডলারের বেশি অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। আরেক ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৮৬ হাজার ডলার নেওয়া হয়, অন্য একজনকে ঋণ নিয়ে একটি দামি মোটরগাড়ি কিনে দিতে এবং ঋণ পরিশোধের নামে আর্থিক নিয়ন্ত্রণ হস্তান্তরে প্ররোচিত করা হয়েছিল।

মার্কিন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অভিযুক্ত নারী অতীতেও একই ধরনের প্রতারণার মামলায় দণ্ডিত হয়েছিলেন। এমনকি তিনি কারাগারে থাকাকালেও সহযোগীরা তার ছদ্মপরিচয় ব্যবহার করে প্রতারণার কার্যক্রম চালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বলেছে, আবেগগতভাবে বিপর্যস্ত ও অসহায় মানুষদের লক্ষ্য করেই এ ধরনের প্রতারণা পরিচালিত হয়।

সংস্থাটি সম্ভাব্য অন্যান্য ভুক্তভোগীদের সামনে এসে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের প্রত্যেকের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে।