উৎসবমুখর আয়োজনে মধুমতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

অর্জন, স্বীকৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনায় প্রাণবন্ত আয়োজন।
টুইট প্রতিবেদক: রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মধুমতি বার্ষিক মিলনমেলা ২০২৬’। দিনব্যাপী এই আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিনিয়োগকারী, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় ৬০০ জন অংশ নেন।
অনুষ্ঠানের কর্পোরেট ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক অধিবেশনে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, সাম্প্রতিক অর্জন, ব্যবসায়িক সাফল্য এবং আগামী দিনের কৌশলগত পরিকল্পনা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের সামনে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও সম্প্রসারণ ভাবনা উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মধুমতি কোম্পানির চেয়ারম্যান মতিবুর রহমান বলেন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ, পেশাদারিত্ব এবং পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবার সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি, ব্যবসায়িক সাফল্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতায় নতুন সুযোগকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
অনুষ্ঠানের বিশেষ পর্বে প্রতিষ্ঠানের উন্নয়ন ও সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারী এবং বিনিয়োগকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সম্মাননা তুলে দেন।
দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পরে আকর্ষণীয় লাকি ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ প্রত্যয়ের বার্তা নিয়ে আয়োজিত এই মিলনমেলা অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি আগামী দিনের লক্ষ্য বাস্তবায়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।






