ফের ‘মাসুদ’ হয়ে ফিরছেন আফরান নিশো

ডিসেম্বরে আসছে ‘সুড়ঙ্গ ২’, বড় ক্যানভাসে নতুন সিনেম্যাটিক অভিজ্ঞতার প্রতিশ্রুতি।
টুইট ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ ২’। দুই বছর আগে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও স্বীকৃতি অর্জন করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও ‘মাসুদ’ চরিত্রে ফিরছেন আফরান নিশো, আর পরিচালনায় রয়েছেন রায়হান রাফী।
শুক্রবার বিকেলে দেড় মিনিটের একটি বিশেষ ঘোষণা ভিডিও প্রকাশের মাধ্যমে সিনেমাটির নির্মাণের বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। দীর্ঘদিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকল্পটি আনুষ্ঠানিক রূপ পেল।
নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম কিস্তির গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন অধ্যায়। তবে এবার কাহিনির পরিধি আরও বিস্তৃত করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি, বৃহত্তর নির্মাণ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের উপস্থাপনার মাধ্যমে দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করার লক্ষ্য রয়েছে নির্মাতাদের।
এসভিএফ এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা এবং এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সনি বলেন, ‘সুড়ঙ্গ ২’ কেবল একটি সফল ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা নয়, এটি বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ সম্ভাবনা ও বর্তমান দর্শকের প্রত্যাশাকে সামনে রেখে নির্মিত একটি নতুন প্রয়াস।
পরিচালক রায়হান রাফীর ভাষ্য, নতুন এই চলচ্চিত্রে এমন এক জগত উন্মোচিত হবে, যা শুধু আগের গল্পের সম্প্রসারণ নয়; বরং তাঁর চলচ্চিত্র মহাবিশ্বকে আরও সমৃদ্ধ করবে। মানুষের অন্তর্গত অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং বেঁচে থাকার সংগ্রামকে এবার আরও বড় পরিসরে তুলে ধরা হবে।
তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘সুড়ঙ্গ ২’-কে শুধু সিক্যুয়েল হিসেবে না দেখে একটি নতুন সিনেম্যাটিক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করার জন্য। কারণ, এবার শুধু একটি গল্প নয়, আরও গভীর ও বিস্তৃত এক যাত্রা নির্মাণের চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে প্রথম চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আফরান নিশোও নতুন এই অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত। তাঁর মতে, ‘সুড়ঙ্গ’ তাঁর অভিনয়জীবনের একটি বিশেষ মাইলফলক এবং ‘মাসুদ’ চরিত্রটি দর্শকদের ভালোবাসায় অনন্য উচ্চতায় পৌঁছেছে। নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু চমক নিয়েই তিনি আবার দর্শকের সামনে হাজির হবেন।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, বর্তমানে ছবিটির প্রাক্-প্রযোজনার কাজ চলছে। খুব শিগগিরই অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিং সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।






