বিজিবির অভিযানে ৮০ লাখ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ

বান্দরবানে পাচারকারীদের বিরুদ্ধে অভিযান, জব্দ করা হয়েছে কাঠভর্তি ট্রাক ও মোটরসাইকেল
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) অভিযানে প্রায় ৮০ লাখ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে বান্দরবান সেক্টর সদর দপ্তরের বিশেষ টহলদল বাঘমারা হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৮০ টুকরা সেগুন গোলাই কাঠ, দুটি পাঁচ টনের ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৮০ লাখ ৫০ হাজার টাকা।
সদর দপ্তর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তরে রাত ১২টার দিকে টহল দেওয়ার সময় কাঠভর্তি ট্রাক ও একটি মোটরসাইকেল দেখতে পায় বিজিবি সদস্যরা। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠগুলো অবৈধ বলে শনাক্ত করেন।
পরবর্তীতে জব্দ করা কাঠ ও যানবাহন বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, পার্বত্য এলাকায় কাঠ পাচারকারীদের তৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে বন উজাড় অব্যাহত থাকলে পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বৈধ ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়বেন।
সংশ্লিষ্টরা বলছেন, বড় অঙ্কের এই কাঠের চালান জব্দ হওয়া পাচারকারীদের জন্য বড় ধাক্কা। পাহাড়ের বন রক্ষায় এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।






