প্রস্তাবিত বাজেট ‘চানাচুরের মতো’, পুষ্টিগুণহীন: নাহিদ ইসলাম

উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট অর্থনীতিতে মৌলিক পরিবর্তন আনবে না বলে দাবি এনসিপির আহ্বায়কের

টুইট ডেস্ক: ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘উচ্চাভিলাষী, বাস্তবতা-বিবর্জিত ও ঋণনির্ভর’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বাজেট অনেকটা ‘চানাচুরের মতো’—দেখতে আকর্ষণীয় হলেও এর কার্যকর পুষ্টিগুণ নেই।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বললেও ব্যাংকিং ও অর্থনৈতিক খাত সংস্কারে কার্যকর কোনো উদ্যোগের স্পষ্ট দিকনির্দেশনা নেই। ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা, অর্থপাচার বন্ধ, পাচার করা অর্থ ফিরিয়ে আনা এবং অভ্যন্তরীণ আয় বৃদ্ধির বিষয়ে বাজেটে পর্যাপ্ত পরিকল্পনা নেই বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিতে মৌলিক পরিবর্তন আনতে সক্ষম হবে না। বরং এর ফলে দেশি-বিদেশি ঋণের চাপ ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। তার দাবি, সরকারের রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি ও বাস্তব অর্জনের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে।

ব্যাংকিং খাতে দলীয় প্রভাব ও অনিয়মের অভিযোগ তুলে নাহিদ ইসলাম ইসলামী ব্যাংকের প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হলে পুরো অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে।

বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, কার্যকর প্রতিষ্ঠান ছাড়া বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়াতে পারে।

তিনি মন্তব্য করেন, রাজনৈতিক স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা না গেলে প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে না।