ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে রংপুরে শিক্ষক বরখাস্ত

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগে ইউএনওর নির্দেশে ব্যবস্থা, তদন্তের পর কঠোর শাস্তির দাবি স্থানীয়দের
নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজু আহমেদকে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রীর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে অশোভন আচরণ করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, বিভিন্ন সময় শাসনের কথা বলে অভিযুক্ত শিক্ষক তাদের অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করতেন এবং আপত্তিকর আচরণ করতেন। বিষয়টি তারা একাধিকবার বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় একপর্যায়ে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম শাহিন বলেন, “অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। জরুরি ব্যবস্থা হিসেবে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং বিধি মোতাবেক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষক সাজু আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য শিক্ষক সাজু আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।






