বকশীগঞ্জ সীমান্তে উত্তেজনা; বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা

পুশইন বিতর্কে দুই দেশের স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা
টুইট ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনাকে ঘিরে বুধবার দুই দেশের সীমান্তবর্তী এলাকার স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয়দের উপস্থিতির কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি পরে সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান নেন। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে দুই দেশের কিছু স্থানীয় বাসিন্দার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় এমন পরিস্থিতি প্রায়ই উদ্বেগের সৃষ্টি করে। তারা শান্তিপূর্ণ সমাধান এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় সবাইকে আইন মেনে চলতে হবে এবং কোনো অবস্থাতেই শূন্যরেখা অতিক্রম করা উচিত নয়। তিনি স্থানীয় জনগণকে শান্ত থাকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।






