মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার সাবেক ইউপি চেয়ারম্যান

বিএনপি নেতার মোটরসাইকেল উদ্ধারে অভিযানে আটক আওয়ামী লীগ নেতা
টুইট ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির এক নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলের মালিক ও স্থানীয় লোকজন তাকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালাম ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়ন যুবলীগের আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মোটরসাইকেলের মালিক ফরহাদ হোসেন, যিনি দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক, অভিযোগ করেন যে তার ১৫০ সিসির মোটরসাইকেলটি বাড়ি থেকে চুরি হয়। পরে আব্দুস সালাম মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা দাবি করেন।
ফরহাদ হোসেন বলেন, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে আব্দুস সালামকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মহিষমারী গ্রামের একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আরও কয়েকজন ব্যক্তি একই ধরনের অভিযোগ তুলে ধরেন। বিভিন্ন পোস্টে দাবি করা হয়, অতীতেও মোটরসাইকেল উদ্ধারের নামে অর্থ আদায়ের ঘটনা ঘটেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রাথমিক তদন্ত শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।






