এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি

সংসদে স্পিকারের মন্তব্যে হাসির রোল, নাটোরে গ্যাস সংযোগ নিয়ে প্রশ্নে সরব হুইপ দুলু

টুইট ডেস্ক: জাতীয় সংসদে নাটোরে গ্যাস সংযোগ প্রসঙ্গ নিয়ে আলোচনা চলাকালে স্পিকারের এক মন্তব্যে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উদ্দেশে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘সংক্ষিপ্ত প্রশ্ন করবেন। এমন প্রশ্ন করবেন না যে, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি।’

বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে।

নাটোরে গ্যাস সংযোগের দাবি

আলোচনায় অংশ নিয়ে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে গ্যাস সংযোগের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান। তিনি বলেন, নাটোর একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জেলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জেলার বিশেষ সম্পর্ক রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বহুবার নাটোর সফর করেছেন।

দুলু বলেন, রাজশাহীতে গ্যাস সরবরাহ গেলেও নাটোর এখনও বঞ্চিত। তাই জেলার মানুষের প্রত্যাশা, কবে নাগাদ নাটোরে গ্যাস সংযোগ দেওয়া হবে—সরকার সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সূচি জানাবে।

‘শ্বশুরবাড়ির আবদার হয়ে গেল’

প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহের উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন কারণে তা বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, বর্তমান সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়াতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। স্থলভাগ ও সমুদ্রাঞ্চলে অনুসন্ধান কার্যক্রম জোরদার করতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘আমার শ্বশুরবাড়ি নাটোর। তাই বিষয়টি এখন অনেকটা শ্বশুরবাড়ির আবদারের মতো হয়ে গেছে। আমরা নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার এবং উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। গ্যাস পাওয়া গেলে নাটোরে সংযোগ দেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।’

সংসদে হাস্যরস

হুইপ দুলুর বক্তব্যের একপর্যায়ে স্পিকার মজা করে বলেন, ‘এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি।’

স্পিকারের এই মন্তব্যে সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পরে তিনি মন্ত্রীকে নাটোরে গ্যাস সংযোগের সম্ভাব্য সময় সম্পর্কে সংক্ষিপ্ত জবাব দিতে বলেন।

জবাবে বিদ্যুৎমন্ত্রী পুনরায় আশ্বাস দিয়ে বলেন, সরকারের অনুসন্ধান কার্যক্রম সফল হলে এবং পর্যাপ্ত গ্যাস মজুত পাওয়া গেলে নাটোরে গ্যাস সরবরাহ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

গ্যাস অনুসন্ধানে নতুন পরিকল্পনা

মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে নতুন কূপ খনন ও অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে নাটোরসহ উত্তরাঞ্চলের জ্বালানি অবকাঠামো উন্নয়নে নতুন অগ্রগতি হবে।