রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: কয়েকজন শনাক্ত

ভোরে পুঠিয়াপাড়ায় সংক্ষিপ্ত কর্মসূচি, ভিডিওতে কয়েকজন শনাক্তের দাবি।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (৯ জুন) ভোরে (সকাল ৬ টায়) রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় মিছিলটি বের হয়ে অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোর ৬টার দিকে প্রায় ২০ জন নেতা-কর্মী মিছিলটি বের করেন। কিছু সময় স্লোগান দিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
মিছিলের ব্যানারে লেখা ছিল “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না, অবিলম্বে প্রত্যাহার করতে হবে।” অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে অধিকাংশ অংশগ্রহণকারীর মুখ মাস্কে ঢাকা থাকলেও অন্তত দুইজনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে পবার কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, মিছিলের বিষয়ে তিনি অবগত নন। কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যানারে এ ধরনের কর্মসূচি হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।
ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ব্যানারে ভোরে এমন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।






