দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী করার দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি, পার্বত্য সমস্যার সমাধানে অভিজ্ঞ নেতৃত্বের দাবি।
নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তাঁর পদত্যাগ প্রত্যাহার করে দায়িত্বে পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার (৮ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই তিনি পদত্যাগ করেন, যা পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হয়েছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন, আর দীপেন দেওয়ান সেই ভূমিকা পালনে সক্ষম ছিলেন। তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তারা।
মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।






