রাজশাহীতে দুই মাস পর দস্যুতা মামলার রহস্য উন্মোচন

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় ক্লুলেস মামলা উন্মোচন,অস্ত্র ও লুণ্ঠিত অর্থসহ দুই দস্যু গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই মাস আগে রাজশাহীতে সংঘটিত আলোচিত এক দস্যুতার ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে লুণ্ঠিত অর্থ ও অস্ত্র সদৃশ বস্তুসহ দুই দস্যুকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে রাজশাহী মহানগর পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কর্মকর্তারা।

পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল পাবনা দুগ্ধ খামার থেকে ২ হাজার লিটার শীতলীকৃত দুধ নিয়ে রাজশাহীর সপুরা সেলস সেন্টারে পৌঁছান একটি পিকআপের চালক ও কর্মচারীরা। দুধ নামানোর পর সেলস সেন্টারের ব্যবস্থাপক হেড অফিসে জমা দেওয়ার জন্য তাদের কাছে ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা হস্তান্তর করেন। পরে দুপুর আড়াইটার দিকে বেলপুকুর থানার উত্তর কাজীরপাড়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা তাদের পথরোধ করে টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার দিনই ভুক্তভোগী মামলা দায়ের করেন। দীর্ঘদিন অগ্রগতি না থাকায় এটি ক্লুলেস মামলায় পরিণত হয়।

পরবর্তীতে পুলিশের বিশেষ দল তদন্ত শুরু করে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালায়। এতে ঘটনার মূল পরিকল্পনাকারী এবং সরাসরি অংশগ্রহণকারী দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ ও একটি অস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।