২০ জুলাই এসএসসি ফল প্রকাশ

নতুন কারিকুলামে চার বিষয় যুক্ত হচ্ছে, ২০২৮ থেকে বাস্তবায়ন

টুইট ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২০ জুলাই নির্ধারণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার নিয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, শিক্ষাক্রম পরিমার্জনে ব্যাপক কার্যক্রম চলছে এবং আগামী বছর চারটি নতুন বিষয় যুক্ত করা হবে। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা আনতে দুর্নীতি সংক্রান্ত একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।