রামিসা হত্যাকাণ্ডে দ্রুত পদক্ষেপ, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ

টুইট ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের ঘটনায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এ ধন্যবাদ জানান। একই সঙ্গে মামলার তদন্ত ও অভিযুক্তদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।”

তিনি আরও বলেন, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে এবং দোষীদের দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

সভায় উপস্থিত সংশ্লিষ্টরা জানান, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে।

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।