সুবর্ণ জয়ন্তীর স্মারক গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন

২৫ লাখ টাকায় আধুনিক নকশায় নির্মিত হবে বান্দরবান সরকারি কলেজের প্রবেশদ্বার
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নির্মিতব্য স্মারক গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। রোববার (৭ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, সুবর্ণ জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার মানোন্নয়নে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার প্রসারে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “৫০ বছর পূর্তির স্মারক গেইট কলেজের জন্য গর্বের বিষয়। নতুন প্রজন্মের কাছে এটি ঐতিহ্য ও অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।”
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে আধুনিক নকশায় স্মারক গেইটটি নির্মাণ করা হবে। নির্মাণ কাজ শেষ হলে কলেজের সৌন্দর্য ও ঐতিহ্যের নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।






