স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেপ্তার

পুলিশ কমিশনারের নির্দেশে অভিযানে নেমে সন্ধ্যাতেই যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। ঘটনার পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একাধিক দল অভিযানে নামে।
পুলিশ সূত্র জানায়, রোববার (৭ জুন) বেলা ১১টার পর ওই শিক্ষার্থী দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত সামিউল সিরাজ তাদের পথরোধ করে। পূর্ববিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে ওই শিক্ষার্থীকে উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
এতে শিক্ষার্থীর হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত পালিয়ে গেলে স্থানীয়রা ও সহপাঠীরা আহত ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনায় বোয়ালিয়া থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নগরীর টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে অভিযুক্ত সামিউল সিরাজ (সিজান)-কে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে হামলার পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।






