ভূমিকম্পের ঝাঁকুনি: কাঁপল দেশ

রাত ১১টা ৪০ মিনিটে ঢাকাসহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর নেই।
টুইট প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
রবিবার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।
রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং অন্যান্য জেলার বাসিন্দারাও ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই একই সময়ে কম্পন টের পাওয়ার তথ্য শেয়ার করেন।
প্রাথমিক আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, ভুটান সীমান্তবর্তী অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর প্রভাব বাংলাদেশসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশেও অনুভূত হয়।
ভূমিকম্পের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়লেও রাত পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং ঝুঁকিপূর্ণ ভবন থেকে দ্রুত বের হয়ে খোলা জায়গায় অবস্থান করা উচিত। একই সঙ্গে পরাঘাতের সম্ভাবনার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে ভূমিকম্পের সুনির্দিষ্ট মাত্রা, উৎপত্তিস্থল এবং গভীরতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট পর্যবেক্ষণ সংস্থাগুলোর কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে।






