রাজশাহীতে ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

মতিহারে দুর্বৃত্তের হামলা, হাসপাতালে ভর্তি নন্দিনী ঘোষ।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ছুরিকাঘাত করে আহত করেছে এক দুর্বৃত্ত। রোববার বেলা পৌনে ১টার দিকে নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ। তিনি স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, রোববার দুপুরে ব্যবহারিক খাতার কাজ করতে স্কুলে গিয়েছিলেন নন্দিনী। কাজ শেষে বাড়ি ফেরার পথে এক দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নন্দিনী ঘোষকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি ঘটেছে দুপুরে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






