বাজেট অধিবেশনের আগে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

জনগণের অর্থনৈতিক অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকার প্রত্যয়
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম, নূরুন্নিসা সিদ্দিকাসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে বাজেট অধিবেশনে সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার রক্ষা এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদল গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করবে।
সভায় আসন্ন বাজেট অধিবেশনকে ঘিরে বিরোধীদলীয় সংসদ সদস্যদের অবস্থান, করণীয় এবং কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সংসদে জনগণের প্রত্যাশা তুলে ধরার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।






