বালাঘাটার অগ্নিদুর্গতদের পাশে বিএনপি

ক্ষতিগ্রস্ত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ, আরও সহায়তার আশ্বাস
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। রবিবার অগ্নিদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে নিজস্ব তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয় বলে জানান তিনি।
গত শুক্রবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ঘর পুড়ে যায়। এতে বহু পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর পরিস্থিতিতে পড়ে। দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে এবং সহায়তার তালিকা প্রস্তুত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয় বলে জানান জাবেদ রেজা।
তিনি বলেন, “যেখানে দুর্যোগ ও অসহায় মানুষ আছে, সেখানে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর নির্দেশ রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে।”
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাসসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক খাদ্য সহায়তা কিছুটা স্বস্তি এনে দিলেও পুনর্বাসন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে, দুর্যোগের এই সময়ে দল-মত নির্বিশেষে সবাই এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।
স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনকেও অগ্নিদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।






