এনসিপি জামায়াতের ছায়াদলে পরিণত হচ্ছে: রাশেদ খাঁন

নাহিদ-আসিফরা বুঝতেই পারছে না, দলটি ধীরে ধীরে দখলে নিচ্ছে জামায়াত-শিবির
টুইট ডেস্ক: নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) ধীরে ধীরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি সহযোগী বা সমান্তরাল রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, এনসিপি তার স্বকীয় রাজনৈতিক অবস্থান হারিয়ে জামায়াত-শিবিরের প্রভাবাধীন সংগঠনে রূপ নিচ্ছে।
রাশেদ খাঁন লিখেছেন, “এনসিপিকে মূলত জামায়াতের আরেকটি সুনির্দিষ্ট প্রতিষ্ঠান হিসেবে রাজপথে দাঁড় করানো হচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমাদের নাহিদ ও আসিফরা নিজেরাও হয়তো বুঝতে পারছে না, কীভাবে নেপথ্যের কৌশলে পুরো এনসিপিকে ধীরে ধীরে নিজেদের দখলে নিচ্ছে জামায়াত-শিবির।”
তিনি আরও বলেন, “আসিফ নিজেও একসময় এই অনুপ্রবেশ নিয়ে সোচ্চার ছিল। কিন্তু এখন রহস্যজনকভাবে জামায়াত-শিবির সংশ্লিষ্ট ব্যক্তিদের দলে বরণ করে নিচ্ছে।”
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি বিকল্প শক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশে নতুন ও প্রগতিশীল রাজনৈতিক শক্তির উত্থানের বাস্তব চাহিদা ছিল। তবে “জামায়াতের প্রোম্যাক্স সংস্করণ” হিসেবে আরেকটি রাজনৈতিক দলের প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, “এনসিপি নতুন রাজনৈতিক দর্শন নিয়ে সামনে আসার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা পুরোনো ও রক্ষণশীল ধারার বলয়ে আটকে গেছে। এই বৃত্ত থেকে তাদের বের হওয়ার সুযোগও আর নেই।”
দলটির সাংগঠনিক কাঠামো নিয়েও প্রশ্ন তুলে রাশেদ খাঁন দাবি করেন, বর্তমানে এনসিপির বড় অংশই জামায়াত-শিবির ঘরানার নেতাকর্মীদের দখলে। তিনি বলেন, “বর্তমানে প্রায় ৮০ শতাংশ জামায়াত-শিবিরের নেতাকর্মী দিয়েই এনসিপির রাজনৈতিক বসন্ত শুরু হয়েছে।”
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, এনসিপির সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক ব্যর্থতার কারণে দেশে আওয়ামী লীগের জন্য নতুন করে রাজনৈতিক প্রাসঙ্গিকতা তৈরি হতে পারে।
রাশেদ খাঁনের মতে, “এনসিপির মাধ্যমেই আওয়ামী শূন্যতা পূরণের একটি বড় জাতীয় সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু নিজেদের ভুল সিদ্ধান্তে সেই সম্ভাবনা তারা নষ্ট করেছে।”






