বিদ্যুতের দাম বাড়লেও বাজারে বড় প্রভাব পড়বে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভর্তুকির চাপ কমাতে সমন্বয় জরুরি, নিম্নআয়ের মানুষকে সুরক্ষার আশ্বাস

টুইট ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির ফলে বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, বাজারে কেউ অন্যায়ভাবে পণ্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

শনিবার (৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, “ভর্তুকির বিশাল চাপ সামাল দিতে কোনো না কোনো পর্যায়ে সমন্বয় করতেই হবে। সরকারকে শুধু ভর্তুকিই নয়, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতেও বড় ব্যয় বহন করতে হয়।”

তিনি বলেন, বর্তমানে বাজারে বিশেষ করে কাঁচাবাজার ও সবজির দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। মূল্যবৃদ্ধির যে প্রবণতা ছিল, সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সরকার নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ পড়তে দিচ্ছে না। তাদের জন্য বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, টিসিবির কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও বিস্তৃত করা হচ্ছে। এবারের বাজেটে বড় একটি জনগোষ্ঠী ফ্যামিলি কার্ডের আওতায় আসবে।”

বাজার নিয়ন্ত্রণে সরকারের অবস্থান স্পষ্ট করে জাহেদ উর রহমান বলেন, “মূল্য সমন্বয়ের সুযোগ নিয়ে কেউ যদি অযৌক্তিকভাবে বাজারদর বাড়ায়, তাহলে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অবশ্যই ব্যবস্থা নেবে।”

সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ভর্তুকির চাপ কমানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা বলয় শক্তিশালী করার মাধ্যমে সাধারণ মানুষের ওপর মূল্যবৃদ্ধির প্রভাব সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চলছে।