দৌলতদিয়া ঘাটে আবারও বাস নদীতে

ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের তথ্য মেলেনি

টুইট ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় বাসটি থেকে যাত্রী নামানো হচ্ছিল। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন, নৌপুলিশ ও উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বাসটি উদ্ধারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “বাস নদীতে পড়ে যাওয়ার বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”

এ ঘটনায় দৌলতদিয়া ফেরিঘাটের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঘাট এলাকায় দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও কার্যকর তদারকির অভাব রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ মার্চ একই ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ভয়াবহ সেই ঘটনার কয়েক মাস না পেরোতেই আবারও একই ধরনের দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে।