সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

রৌনিনপাড়ায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম রৌনিনপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তায় গুরুতর চোখের সমস্যায় আক্রান্ত এক শিশুর দৃষ্টিশক্তি রক্ষা পেয়েছে। মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, রৌনিনপাড়ার বাসিন্দা লাল খম লিয়ান বম গত ৩ জুন তার পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে রৌনিনপাড়া আর্মি ক্যাম্পে যান। তিনি সেনাসদস্যদের জানান, শিশুটি দীর্ঘদিন ধরে জটিল চোখের রোগে ভুগছিল। দ্রুত চিকিৎসা না করালে চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ছয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় ব্যয়বহুল চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
বিষয়টি জানার পর সেনাবাহিনী দ্রুত আর্থিক সহায়তা প্রদান করে এবং চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করে। সেনাবাহিনীর সময়োপযোগী উদ্যোগে শিশুটির চোখ বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
সন্তানের চিকিৎসা নিশ্চিত হওয়ায় শিশুটির বাবা লাল খম লিয়ান বম বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের দ্রুত চিকিৎসাসহায়তা পাওয়া অত্যন্ত কঠিন। সেখানে সেনাবাহিনীর মানবিক হস্তক্ষেপ একটি অসহায় পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
পাহাড়ি অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও ত্রাণ সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে স্থানীয় জনগণের পাশে দাঁড়াচ্ছে বলেও জানা গেছে।






