হানিয়া আমিরের নতুন মেগা নাটক ‘ফানা’ ঘিরে উত্তেজনা

‘মেরি জিন্দেগি হ্যায় তু’র সাফল্যের পর নতুন প্রজেক্টে ফিরছেন ললিউড তারকা, তবে নায়ক বদল নিয়ে অনিশ্চয়তা।
টুইট প্রতিবেদক: পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারও ছোট পর্দায় ফিরছেন নতুন একটি মেগা ধারাবাহিক নাটক নিয়ে। গত বছরের আলোচিত ও বাণিজ্যিকভাবে সফল নাটক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ শেষ হওয়ার পর থেকেই তার পরবর্তী কাজ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
নতুন এই নাটকের নাম প্রাথমিকভাবে ‘ফানা’ হিসেবে বিবেচিত হচ্ছে। নির্মাণ করছে জিও এন্টারটেইনমেন্ট, আর পরিচালনায় থাকছেন আলোচিত নির্মাতা বদর মেহমুদ। চিত্রনাট্য লিখেছেন সমালোচকদের প্রশংসিত লেখিকা জাঞ্জাবিল আসিম শাহ।
শুটিং শুরু হতে যাচ্ছে চলতি সপ্তাহান্তেই। সূত্র অনুযায়ী, হানিয়া আমির ইতোমধ্যেই সেটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নাটকটি ঘিরে শোবিজ অঙ্গনে শুরু থেকেই নানা গুঞ্জন চলছিল, বিশেষ করে তার সহশিল্পী নির্বাচন নিয়ে।
প্রথমে ধারণা করা হয়েছিল, জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান আবারও হানিয়ার বিপরীতে দেখা যেতে পারেন। তবে শেষ পর্যন্ত পারিশ্রমিক ও সময়সূচি জটিলতার কারণে তিনি প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন।
ফলে নির্মাতারা এখন নতুন নায়ক খুঁজছেন, যিনি হানিয়ার বিপরীতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করবেন।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নাটকটি চলতি বছরের শেষ দিকে প্রচারে আসতে পারে। তবে কাস্টিং চূড়ান্ত না হওয়ায় মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
‘মেরি জিন্দেগি হ্যায় তু’র বিপুল সাফল্যের পর ‘ফানা’কে ঘিরে দর্শক প্রত্যাশা ইতোমধ্যেই উচ্চ পর্যায়ে পৌঁছেছে। নির্মাণ সংশ্লিষ্টরা এটিকে বছরের অন্যতম আলোচিত টেলিভিশন প্রজেক্ট হিসেবে বিবেচনা করছেন।






