চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ বাংলাদেশিকে শূন্যরেখায় রেখে গেল বিএসএফ

টুইট ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ–এর গোমস্তাপুর উপজেলা–র বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে শূন্যরেখায় ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে তিনটার দিকে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২০৩/৬-আর এলাকা দিয়ে ২৮ জনকে বাংলাদেশের দিকে পুশইনের উদ্দেশ্যে নিয়ে আসে। পরে ভোর চারটার দিকে তাদের সীমান্তের শূন্যরেখায় রেখে বিএসএফ সদস্যরা ফিরে যায়।
শূন্যরেখায় আটকে পড়াদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করে। বিজিবির সদস্যরা ভারতীয় সীমান্তের জিরো লাইনের ভেতরে ওই ব্যক্তিদের অবস্থান করতে দেখেন।
বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদ্দাম হোসেন জানান, ভোর পাঁচটার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় বাংলাদেশ অংশে বিজিবির কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেলেও শূন্যরেখায় আটকে থাকা লোকজনের পাশে কোনো বিএসএফ সদস্যকে দেখা যায়নি।
স্থানীয় ও গোয়েন্দা সূত্রের দাবি, বর্তমানে ওই ২৮ জনই জিরো লাইনে অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি বিএসএফও সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বলে জানা গেছে।
এদিকে, আটকে পড়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগের চেষ্টা চলছে।






