রাজশাহীতে আড়াই লাখ গাছ লাগানোর কর্মসূচি শুরু

নগরজুড়ে সবুজায়নে রাসিকের বৃহৎ উদ্যোগ, প্রথম ধাপে রোপণ হবে ৫৩ হাজার গাছ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে নগরজুড়ে আড়াই লাখ গাছ লাগানোর বৃহৎ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ জুন) দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাসিক সূত্র জানায়, আগামী এক বছরে মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কাজ শুরু হয়েছে।
নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্য নিয়ে ফুল, ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ রোপণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই কর্মসূচির আওতায় তালাইমারী থেকে কাটখালী সিটি করপোরেশনের শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা সেতু, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালু মোড় থেকে কাঁঠালবাড়িয়া, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচণ্ডী উড়ালসড়ক থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন এবং বিসিক ম্যাচ ফ্যাক্টরি থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নগরবাসীর সহযোগিতায় এই উদ্যোগ সফল করা হবে।
তিনি নগরবাসীর প্রতি অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, তার পরিচর্যাও নিশ্চিত করতে হবে। সবাই মিলে রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপ দিতে হবে।”
রাসিক প্রশাসক আরও জানান, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও পানি সরবরাহ নিশ্চিত করতে পরিবেশ শাখার কর্মীরা দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, রাসিক সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, আহমদ আল মঈন পরাগ, হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পরিবেশ শাখার কর্মকর্তা ফরহাদ হোসেন আদনানসহ মহানগর বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ।






