খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রীর

পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন নয়, নতুন প্রতিষ্ঠানের নামকরণে নির্দেশনা
টুইট ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নীতিগতভাবে নির্দেশনা দিয়েছেন, বিদ্যমান সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করা যেতে পারে।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফেরত পাঠানো হয়। ওই প্রস্তাবে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার অনুমোদন চাওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালাহ শিবলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন না দিয়ে একটি নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী, বর্তমানে পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের বিদ্যমান নামেই বহাল থাকবে।
তিনি বলেন, ভবিষ্যতে নতুন কোনো প্রতিষ্ঠান, প্রকল্প বা উদ্যোগ গ্রহণ করা হলে সেখানে প্রস্তাবিত নাম বিবেচনার সুযোগ থাকতে পারে। তবে পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পক্ষে সরকার এখন অবস্থান নিচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন নিয়ে প্রশাসনের ভেতরে নানা আলোচনা চলছিল। এর মধ্যেই প্রধানমন্ত্রীর এ নির্দেশনাকে একটি স্পষ্ট নীতিগত অবস্থান হিসেবে দেখা হচ্ছে।
কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (কেটিটিসি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পরিচালিত একটি সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। দেশের যুবসমাজকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য।






