জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সংশোধন

বিতর্কিত প্রজ্ঞাপন বাতিল, আজীবন সম্মাননা থেকে চিত্রনাট্য বিভাগে বড় পরিবর্তন।
টুইট প্রতিবেদক: দীর্ঘ বিতর্ক ও সমালোচনার পর অবশেষে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে চলতি বছরের ২৯ জানুয়ারি প্রকাশিত পূর্ববর্তী তালিকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা, বিশেষ অবদান এবং চিত্রনাট্যসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৩ সালের চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২৮টি বিভাগে মোট ৩২ জন শিল্পী ও কলাকুশলীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে।
সংশোধিত তালিকা অনুযায়ী, যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক। পাশাপাশি চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পাচ্ছেন নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু।
এবারের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সাঁতাও। একই চলচ্চিত্রের জন্য পরিচালক খন্দকার সুমন শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার অর্জন করেছেন।
অভিনয় বিভাগে আলোচিত চলচ্চিত্র সুড়ঙ্গর অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) নির্বাচিত হয়েছেন আফরান নিশো। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) হয়েছেন আইনুন নাহার পুতুল, যিনি ‘সাঁতাও’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মনির আহাম্মেদ শাকিল (‘সুড়ঙ্গ’) এবং শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নাজিয়া হক অর্ষা (‘ওরা সাত জন’)। খল চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হচ্ছেন আশীষ খন্দকার (‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’) এবং কৌতুক চরিত্রে সম্মাননা পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম (‘সুড়ঙ্গ’)।
সংশোধিত প্রজ্ঞাপনের সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে চিত্রনাট্য বিভাগে। যৌথভাবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন রায়হান রাফী এবং সৈয়দ নাজিম উদ দৌলা। এছাড়া শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হয়েছেন মোঃ তাসনীমুল হাসান এবং শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে স্বীকৃতি পেয়েছেন ফারুক হোসেন।
সংগীত বিভাগেও ছিল ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের আধিপত্য। ছবিটির জনপ্রিয় গান ‘ঈশ্বর’-এর জন্য শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন সোমেশ্বর অলি এবং শ্রেষ্ঠ সুরকার নির্বাচিত হয়েছেন প্রিন্স মাহমুদ।
একই চলচ্চিত্রের ‘ও প্রিয়তমা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেয়েছেন বালাম। অন্যদিকে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘এ গাঁ ছুঁয়ে বলো’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন অবন্তী দেব সিথি। শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কৃত হচ্ছেন ইমন চৌধুরী।
বিশ্লেষকদের মতে, সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘিরে কয়েক মাসের বিতর্কের অবসান ঘটল। একই সঙ্গে পুরস্কার নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তা নিরসনেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই সিদ্ধান্তকে।






