জিয়ার স্মরণে কোরআন খতম চরফ্যাশনে দুই দিনব্যাপী

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের–এর ৪৫তম মৃত্যু বার্ষিকী 

টুইট ডেস্ক: জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে দুই দিনব্যাপী ধর্মীয় ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল, খাবার বিতরণ, পাঞ্জাবি ও কোরআন শরিফ উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার অর্থায়নে ৩০ ও ৩১ মে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদান তুলে ধরেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারার বিকাশে তার ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার আদর্শ ও কর্মময় জীবন আজও বহু মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

কর্মসূচির সমাপনী দিনে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।

স্থানীয় আয়োজকরা জানান, জাতীয় নেতাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।