ঈদের টিভিতে সিনেমার সেঞ্চুরি

৭ দিনে প্রায় ১০০ সিনেমা সম্প্রচারে চ্যানেলগুলো, বড় আয়োজন নাগরিক টিভির।
টুইট ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো এবার সাত দিনব্যাপী বিশেষ সিনেমা প্রদর্শনের আয়োজন করেছে। উৎসব ঘিরে মোট প্রায় ১০০টি সিনেমা সম্প্রচারের ঘোষণা এসেছে বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে।
এবারের ঈদে সবচেয়ে বড় আয়োজন নিয়ে এসেছে নাগরিক টেলিভিশন। চ্যানেলটি সাত দিনে মোট ২৮টি সিনেমা প্রচার করছে। প্রতিদিন চারটি করে সিনেমা দেখানো হচ্ছে,সকাল সাড়ে ৯টা, বেলা সাড়ে ১১টা, দুপুর ২টা এবং বিকেল ৫টায়।
অন্যদিকে চ্যানেল আই ঘোষণা দিয়েছে সাতটি নতুন সিনেমার টেলিভিশন প্রিমিয়ারের। এর মধ্যে রয়েছে আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ এবং শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময়ে এসব সিনেমা প্রচার করা হচ্ছে।
এটিএন বাংলায় শাকিব খান অভিনীত মোট ১৩টি সিনেমা সম্প্রচারিত হচ্ছে, যার মধ্যে রয়েছে ‘প্রিয়তমা’, ‘বিদ্রোহী’, ‘রাজকুমার’, ‘হিটম্যান’ ও ‘বসগিরি’সহ একাধিক জনপ্রিয় ছবি।
আরটিভি ও দীপ্ত টিভি মিলিয়ে মোট ১৪টি সিনেমা দেখাচ্ছে। প্রতিদিন দুইটি করে নির্দিষ্ট সময়ে এসব সিনেমা সম্প্রচার করা হচ্ছে। এনটিভি, বাংলাভিশন ও বৈশাখী টিভি,প্রতিটি চ্যানেলে সাতটি করে সিনেমা দেখানো হচ্ছে ঈদের বিশেষ আয়োজন হিসেবে।
চ্যানেল আইয়ের পক্ষ থেকে প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে নতুন সিনেমার প্রিমিয়ার প্রচার করা হচ্ছে। এর মধ্যে পারিবারিক ও সামাজিক গল্পনির্ভর সিনেমার পাশাপাশি আলোচিত নির্মাতাদের কাজও রয়েছে।
সামগ্রিকভাবে ঈদের সাত দিনে টেলিভিশন চ্যানেলগুলোতে সিনেমার এই বিপুল আয়োজন দর্শকদের জন্য বিনোদনের বড় উৎসব হয়ে উঠেছে।






