‘রকস্টার’ ঘিরে ঈদে উন্মাদনা

শঙ্কা কাটিয়ে ১০৩ হলে শাকিব–সাবিলার নতুন সিনেমা, বাড়ছে প্রদর্শনী
টুইট ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে ঈদ মানেই বড় বাজেট, তারকানির্ভর প্রতিযোগিতা আর দর্শক প্রত্যাশার চাপ। সেই বাস্তবতায় মুক্তির আগমুহূর্তে অনিশ্চয়তায় পড়েছিল শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’।
তবে সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ঈদ উৎসবেই সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পর প্রথম দুই দিনেই দর্শক সাড়া, টিকিট চাহিদা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এগিয়ে রয়েছে সিনেমাটি।
ঈদের আগে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছিল, ‘রকস্টার’–এর কনটেন্ট ফাইল তখনো তাদের হাতে পৌঁছায়নি। ফলে শো সূচি প্রকাশ ও টিকিট বিক্রি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তেই শাকিব–ভক্ত ও সিনেমাপ্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে সেই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি। ঈদের আগের রাত থেকেই শুরু হয় টিকিট বিক্রি এবং মুক্তির দিন থেকেই দর্শকের চাপ বাড়তে থাকে।
বর্তমানে মাল্টিপ্লেক্স ও একক প্রেক্ষাগৃহ মিলিয়ে দেশের ১০৩টি হলে চলছে ‘রকস্টার’। শুধু স্টার সিনেপ্লেক্সেই প্রথম দিনে ১৮টি প্রদর্শনী ছিল। দর্শক চাহিদা বাড়ায় তা এক দিনের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৩৬টিতে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ মৌসুমে এটি বড় ধরনের ইতিবাচক ইঙ্গত।
ছবিটিতে দীর্ঘদিন পর ভিন্ন আঙ্গিকে দেখা গেছে শাকিব খানকে। সাম্প্রতিক সময়ের অ্যাকশননির্ভর চরিত্র থেকে বের হয়ে এবার তিনি অভিনয় করেছেন একজন সংগীতশিল্পীর ভূমিকায়। দর্শকদের একটি বড় অংশ তাঁর অভিনয়, গানের দৃশ্য এবং পর্দা উপস্থিতির প্রশংসা করছেন। বিশেষ করে সাবিলা নূরের সঙ্গে তাঁর রসায়নও আলোচনায় এসেছে।
সিনেমাটির নির্মাতা আজমান রুশো জানিয়েছেন, প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে নতুন ধরনের গল্প ও ভিজ্যুয়াল ভাষা তৈরি করার চেষ্টা করেছেন তাঁরা। তাঁর ভাষায়, “অ্যাকশন বা তথাকথিত আইটেম গাননির্ভর কাঠামো থেকে বের হয়ে দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে চেয়েছি। তবে দর্শকের চূড়ান্ত প্রতিক্রিয়া বুঝতে আরও সময় লাগবে।”
নির্মাতার দাবি, ‘রকস্টার’ কেবল একটি বাণিজ্যিক সিনেমা নয়; বরং সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান–পতন এবং বাস্তব অভিজ্ঞতার মিশেলে নির্মিত এক আবেগঘন গল্প। নির্মাণের আগে সংগীতের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিজ্ঞতাও এতে প্রভাব ফেলেছে বলে জানান তিনি।
ঈদের রাতেই প্রকাশ পেয়েছে ছবির নতুন গান ‘আমি যাব হারিয়ে’। গানটির দৃশ্যায়ন, সুর এবং শাকিব–সাবিলার উপস্থিতি ইতোমধ্যে নেট–দুনিয়ায় প্রশংসা কুড়াচ্ছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অঙ্কন কুমার। এর আগে প্রকাশিত ‘পিরিতি’ ও ‘আমাকে উড়িয়ে দাও’ গান দুটিও দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।
‘রকস্টার’–এ আরও অভিনয় করেছেন তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক। ছবিটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নীরব। প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম চরকি রয়েছে সিনেমাটির বিশেষ স্ট্রিমিং অংশীদার হিসেবে।






