চিত্রনায়িকা ববির ৮৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি

সেনপাড়া পর্বতা এলাকায় ফ্ল্যাটে বাসার গ্রীল কেটে চুরির ঘটনায় মামলা, তদন্তে পুলিশ

টুইট প্রতিবেদক: রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি–এর নিজস্ব ফ্ল্যাটে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গত ২৬ মে (মঙ্গলবার) সংঘটিত এ ঘটনায় প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ খোয়া গেছে বলে দাবি করেছেন এই চলচ্চিত্র তারকা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফ্ল্যাটের বেডরুমের জানালা ও বারান্দার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে মূল্যবান সামগ্রী লুট করে নেয়। ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অপরাধীদের শনাক্তে কাজ চলছে।

শুটিংয়ে বাইরে ছিলেন নায়িকা, ফোনে জানতে পারেন চুরির খবর

ঘটনার সময় ববি শুটিংয়ে বাইরে ছিলেন বলে জানান তিনি। ২৫ মে তিনি বাসা ছাড়েন এবং পরদিন রাতে গৃহকর্মীর মাধ্যমে চুরির খবর পান। পরে দ্রুত বাসায় ফিরে আসেন।

বাসায় ফিরে তিনি দেখতে পান,বেডরুমের তিনটি আলমারির মধ্যে একটি খোলা অবস্থায় পড়ে আছে এবং ঘরের ভেতর এলোমেলো। এরপর জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়, যা দিয়ে চোরেরা প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ অর্থ খোয়া গেছে

চুরির তালিকায় রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী। এর মধ্যে উল্লেখযোগ্য

স্বর্ণের চুড়ি: ৫ জোড়া (প্রায় ৩০ লাখ টাকা)

স্বর্ণের কানের দুল: ৭ জোড়া (প্রায় ১০ লাখ টাকা)

স্বর্ণের নেকলেস: ৩টি (প্রায় ৩ লাখ টাকা)

স্বর্ণের লকেট: ৮টি (প্রায় ২ লাখ টাকা)

স্বর্ণের চেইন: ১২টি (প্রায় ২৮ লাখ টাকা)

ডায়মন্ডের নাকফুল: ৭টি (প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা)

ব্র্যান্ডেড হাতঘড়ি: ৫টি (প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা)

নগদ অর্থ: ৬ লাখ টাকা

সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকা বলে দাবি করেন এই অভিনেত্রী।

নিরাপত্তা প্রশ্নে নতুন করে উদ্বেগ

এ ধরনের চাঞ্চল্যকর ঘটনায় রাজধানীর আবাসিক এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে চোর চক্র শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় শোবিজ অঙ্গনেও আলোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা ও চুরির পেছনের রহস্য স্পষ্ট হবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।