জামালপুরে জেলা আ. লীগ কার্যালয়ে মাদক অভিযানে তরুণী গ্রেপ্তার

পরিত্যক্ত অফিস থেকে হেরোইন উদ্ধার, চারজনের বিরুদ্ধে মামলা।
টুইট প্রতিবেদক: জামালপুরে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে হেরোইনসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ঘটনাস্থল থেকে মাদক উদ্ধারের পর মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত ওই পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় অধরা (২২) নামে এক তরুণীর কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার অধরা মেলান্দহ উপজেলার আদ্রা গুজামানিকা এলাকার শাহজাহানের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আমলাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই ভবনে অভিযান চালায়। অভিযানে মাদক উদ্ধারের পর ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার তরুণীকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয়গুলো দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় সেগুলোকে অপরাধচক্র ব্যবহার করছে কি না,এ বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।






