হারামে ঈদের ইমামতি করবেন বানদার বালিলাহ

ঈদুল আজহার খুতবা দেবেন মক্কার জ্যেষ্ঠ এই ইমাম।
পবিত্র ঈদুল আজহার নামাজে মসজিদুল হারামে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ ড. বানদার বালিলাহ। একইসঙ্গে তিনিই ঈদের খুতবা প্রদান করবেন বলে জানিয়েছে হারাম কর্তৃপক্ষ।
প্রতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটে মসজিদুল হারাম–এ। ঈদের জামাত ও খুতবা সরাসরি সম্প্রচার করা হয় আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল ইসলামিক মাধ্যমে। ফলে বৈশ্বিক মুসলিম বিশ্বের দৃষ্টি থাকে মক্কার এই ঐতিহাসিক জামাতের দিকে।
শায়খ বানদার বালিলাহ দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্ম নেওয়া এই আলেম শিক্ষাজীবনে উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইন বিষয়ে স্নাতক এবং ইসলামি ফিকহে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৮ সালে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।
২০১৩ সালে তিনি আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারাম–এর ইমাম হিসেবে নিয়োগ পান। এর আগে মক্কার বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে ধর্মীয় অঙ্গনে সুনাম অর্জন করেন।
কোরআন তিলাওয়াতের হৃদয়গ্রাহী ধরণ, ফিকহভিত্তিক বিশ্লেষণধর্মী আলোচনা এবং সংযত উপস্থাপনার কারণে ইসলামি বিশ্বে শায়খ বানদার বালিলাহ বিশেষ মর্যাদা লাভ করেছেন। এবারের ঈদুল আজহার খুতবায়ও মুসলিম উম্মাহর ঐক্য, তাকওয়া ও আত্মত্যাগের বার্তা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।






