ঈদের পর্দায় ‘গুলগুলি পিঠা’ ঝড়: মিম-শুভর ‘মালিক’ ঘিরে দর্শক উচ্ছ্বাস

অ্যাকশন ও আইটেম সংয়ের মিশেলে ঈদ বাজারে নতুন চমক, সামাজিক মাধ্যমে তুমুল প্রতিক্রিয়া

টুইট প্রতিবেদক: ঈদুল আজহাকে কেন্দ্র করে সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতার আবহের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘মালিক’। সম্প্রতি প্রকাশিত ছবিটির প্রথম আইটেম সং ‘গুলগুলি পিঠা’ প্রকাশের পর থেকেই দর্শকমহলে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

সোমবার (২৫ মে) রাতে সামাজিক মাধ্যমে গানটি প্রকাশ করেন অভিনেতা আরিফিন শুভ। প্রকাশের পরপরই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে ওঠে।

গানের শুরুতেই ভিন্নধর্মী লুকে দেখা যায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। ঝলমলে খয়েরি রঙের ঐতিহ্যবাহী ফিউশন পোশাকে তাঁর নৃত্য ও অভিব্যক্তি গানটির প্রধান আকর্ষণ হয়ে ওঠে। দর্শকদের মতে, পুরো ভিডিওজুড়ে মিমের উপস্থিতিই গানটিকে আলাদা মাত্রা দিয়েছে। পরে আরিফিন শুভর রাফ-টাফ লুকের প্রবেশ গানটিতে অ্যাকশনধর্মী আবহ তৈরি করে।

সামাজিক মাধ্যমে অনেক দর্শক মন্তব্য করেছেন, গানটির ভিজ্যুয়াল ও উপস্থাপনা তামিল সিনেমা ইন্ডাস্ট্রির উচ্চমানের আইটেম সংয়ের কথা মনে করিয়ে দিয়েছে। একই সঙ্গে গানটির সুর ও ছন্দ ঈদের উৎসবের আবহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মত প্রকাশ করেছেন অনেকে।

আদিত রহমানের সংগীত পরিচালনায় তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় পপ শিল্পী মিলা ও সংগীতশিল্পী প্রতীক হাসান। গানটির কথা লিখেছেন লুৎফর হাসান। শ্রোতাদের একটি বড় অংশ গানটির সুর ও কথার প্রশংসা করেছেন।

গান প্রকাশের পর আরিফিন শুভ সামাজিক মাধ্যমে রসিকতা করে লেখেন, “ঈদের গোশত তো খাবেনই… আগে ‘গুলগুলি পিঠা’ ট্রাই করেন। ‘মালিক’ আসছে ঈদে।”

দীর্ঘ সময় পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের বিষয়টিও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে এই ছবির অ্যাকশন ও আবেগঘন গল্পের সমন্বয় নিয়েও আলোচনা চলছে চলচ্চিত্র মহলে।

পরিচালক সাইফ চন্দনের পরিচালনায় ‘মালিক’ সিনেমায় দেখানো হয়েছে এক জেদি মানুষের ক্ষমতা অর্জনের গল্প, যিনি ধীরে ধীরে অপরাধ জগতের প্রভাবশালী চরিত্রে পরিণত হন। ট্রেলার ও প্রথম গান প্রকাশের পর ছবিটি ঈদ বাজারে শক্ত অবস্থান তৈরি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।