‘পেন্সিল হিল’-এ মৌর প্রত্যাবর্তন

আসিফ আলতাফের ব্যতিক্রমী গানে আধুনিক জীবনের বিষাদ, ঈদের আগের রাতে মুক্তি।
টুইট প্রতিবেদক: দীর্ঘ সময় পর আবারও মিউজিক ভিডিওতে দেখা যাবে দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ–কে। ব্যতিক্রমধর্মী সংগীতচর্চার জন্য পরিচিত আসিফ আলতাফ–এর নতুন গান ‘পেন্সিল হিল’-এ অভিনয় করেছেন তিনি। ঈদের আগের রাতে গানটি মুক্তি পাবে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
‘পেন্সিল হিল’ গানটির কথা, সুর ও কণ্ঠ তিনটিই করেছেন আসিফ আলতাফ। গানের ভিডিওতেও অংশ নিয়েছেন তিনি নিজে। ভিডিওটি পরিচালনা করেছেন শোয়েব আহমেদ।
নিজের তৃতীয় মিউজিক ভিডিও প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘আমার গরুর গাড়িতে’ গানের ভিডিওতে অভিনয় করেছিলেন তিনি। সেই কাজটি দর্শকের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে সময়ের সঙ্গে মিউজিক ভিডিওর ধরন বদলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
মৌ জানান, নিয়মিত অনেক প্রস্তাব পেলেও সব কাজ করা হয়ে ওঠে না। কিন্তু ‘পেন্সিল হিল’ নামটি শুনেই তার আগ্রহ জন্মায়। পরে গানটি শোনার পর কাজটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। তার ভাষায়, আধুনিক জীবনের এক ধরনের বিষাদ ও নীরব অনুভূতি গানটিতে ফুটে উঠেছে।
অন্যদিকে আসিফ আলতাফ বলেন, তিনি সবসময় প্রচলিত ধারার বাইরে গিয়ে গান করার চেষ্টা করেন। ‘পেন্সিল হিল’ অনেক আগেই লেখা ও সুর করা হয়েছিল। তবে গানটির আবহের সঙ্গে মানানসই একজন শিল্পী খুঁজছিলেন তিনি। পরে হঠাৎ করেই মৌকে প্রস্তাব দেওয়ার ভাবনা আসে।
মৌর সম্মতিকে নিজের জন্য আনন্দের সংবাদ উল্লেখ করে আসিফ বলেন, পুরো দল অত্যন্ত যত্ন নিয়ে কাজটি নির্মাণ করেছে। তার বিশ্বাস, গানটি শুধু শোনার জন্য নয়, দেখার অভিজ্ঞতাতেও দর্শকের কাছে আলাদা অনুভূতি তৈরি করবে।
প্রসঙ্গত, ‘জুতো’ ও ‘যন্ত্র’ গান দিয়ে স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন আসিফ আলতাফ। ভারতীয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে তার ‘কাঁটাতার’ ও ‘লক্ষ্য একই’ গান দুটি শ্রোতাদের মধ্যে আলোচনায় আসে। এছাড়া ন্যান্সির সঙ্গে ‘সুবহি সাদিক’ এবং লগ্নজিতা চক্রবর্তী–র সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’ গানও প্রশংসিত হয়।
তার গাওয়া ‘টাকা’ গানটি ইতোমধ্যে এক কোটির বেশি দর্শক দেখেছেন। পাশাপাশি ‘দালালের বন্যা’, ‘আমার পাড়ায়’, ‘ঠিক হাজার বছর পর’, ‘এক কাপ চা’ ও সুফি ঘরানার ‘ফিকির’সহ একাধিক গান ভিন্নধর্মী শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।






