ঘুমের আগে ক্যাটরিনার এক অভ্যাস

সৌন্দর্যের রহস্যে মেকআপ পরিষ্কার, তবে বিশেষজ্ঞরা বেশি গুরুত্ব দিলেন সানস্ক্রিনে।

টুইট প্রতিবেদক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ৪২ বছর বয়সেও ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য ধরে রেখেছেন সমানভাবে। রূপচর্চা নিয়ে ভক্তদের আগ্রহের মধ্যেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শোয়ার আগে কখনোই মুখের মেকআপ না তুলে ঘুমাতে যান না।

অভিনেত্রীর ভাষ্য, অভিনয় ও শুটিংয়ের প্রয়োজনে প্রতিদিন ভারী মেকআপ ব্যবহার করতে হয়। কিন্তু দিনের শেষে সেই মেকআপ পরিষ্কার না করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই যত ক্লান্তিই থাকুক, ঘুমানোর আগে মেকআপ তুলে ফেলার অভ্যাস তিনি কখনো ভোলেন না।

তবে সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে, মেকআপ না তুলে ঘুমানো ক্ষতিকর হলেও সানস্ক্রিন ব্যবহার না করাটা আরও বেশি বিপজ্জনক। মুম্বাইয়ের ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক শরীফা চৌসে এক সাক্ষাৎকারে বলেন, সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতির প্রধান কারণ। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বকে বলিরেখা, কালচে দাগ, এমনকি অকাল বার্ধক্যের ঝুঁকিও বাড়ে।

তিনি আরও বলেন, এক রাত মেকআপ না তুলে ঘুমালে সাময়িক সমস্যা হতে পারে, যেমন ব্রণ, ত্বকে জ্বালা বা সংক্রমণ। কিন্তু দীর্ঘদিন সানস্ক্রিন ছাড়া রোদে চলাফেরা করলে তার প্রভাব স্থায়ী হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ত্বক সুস্থ রাখতে দুটি অভ্যাসই জরুরি,বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার এবং

রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করা। নিয়মিত পরিচর্যাই দীর্ঘসময় ত্বকের স্বাভাবিক জেল্লা ধরে রাখতে সবচেয়ে কার্যকর উপায়।