তথ্য সচিবকে নিয়ে পিআইডির ব্যাখ্যা

‘প্রশিক্ষণে অংশ নয়, উদ্বোধন করতে গিয়েছিলেন সচিব’।
টুইট প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা–কে নিয়ে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি)। সংস্থাটি দাবি করেছে, দৈনিক আমার দেশ-এ প্রকাশিত প্রতিবেদনের বেশ কয়েকটি তথ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
শুক্রবার রাতে পাঠানো এক প্রতিবাদলিপিতে পিআইডি জানায়, “প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে নেদারল্যান্ডসে তথ্য সচিব” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তার মধ্যে বিভ্রান্তিকর উপাদান রয়েছে। পিআইডির ভাষ্য অনুযায়ী, তথ্য সচিব প্রশিক্ষণে অংশ নিতে বিদেশ সফরে যাননি; বরং তিনি সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
যন্ত্রপাতি ক্রয়ে ‘তিন কোটি টাকা সাশ্রয়’
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে ২০২৪ সালে সম্পাদিত চুক্তি অনুযায়ী স্যাটেলাইট যন্ত্রপাতি সংগ্রহের প্রক্রিয়া চলছিল। তবে যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ করে দেওয়ায় একই ব্র্যান্ড ও একই ফ্রিকোয়েন্সির অধিক ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।
পিআইডির দাবি, পূর্বনির্ধারিত চুক্তিমূল্য অপরিবর্তিত রেখেই ৪০০ ওয়াটের পরিবর্তে ৭৫০ ওয়াট ক্ষমতার উচ্চমূল্যের যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। বর্তমান বাজারদরে এ ধরনের যন্ত্রপাতি একই মূল্যে পাওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়। এতে সরকারের প্রায় তিন কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
‘সততা ও জবাবদিহি নিশ্চিত করে কাজ করছেন সচিব’
প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব গত প্রায় দুই বছর ধরে “সততা, সচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে” দায়িত্ব পালন করে আসছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালকও সরকারের আর্থিক সাশ্রয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে পিআইডি।






