বান্দরবানে ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন

শোভাযাত্রা, আলোচনা ও সরঞ্জাম প্রদর্শনীতে জনসচেতনতার বার্তা—দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের আহ্বান।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করা হয়, যা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে।

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনসারি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরবান কমিউনিটি স্বেচ্ছাসেবক (এফএসসিডি) ইয়ুথ প্রধান মোসা. রুমানা আক্তার। এতে ফায়ার ফাইটার সদস্য, আরবান কমিউনিটি ফায়ার স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, বন্যা ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে ফায়ার সার্ভিস সদস্যরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে রেখে মানুষের পাশে দাঁড়ান। তাদের সাহস, ত্যাগ ও মানবিক ভূমিকা জাতির জন্য অনুকরণীয় এবং শ্রদ্ধার দাবিদার।

অনুষ্ঠানে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত আধুনিক সরঞ্জাম প্রদর্শন করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

শেষে সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনসারি সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ফায়ার সার্ভিস একটি জীবনরক্ষাকারী বাহিনী হিসেবে অতীতে যেমন দায়িত্ব পালন করেছে, ভবিষ্যতেও তেমনি মানুষের জানমালের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা সর্বস্তরের মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “প্রতিটি জীবন অমূল্য—নিরাপদ থাকতে অগ্নি ও দুর্যোগ বিষয়ে সবার সচেতনতা জরুরি।”