রামিসার পরিবারে প্রধানমন্ত্রীর সান্ত্বনা

বাবার কাঁধে হাত রেখে দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের আশ্বাস
টুইট ডেস্ক: নিজ বাসায় শোকের ভারে ন্যুব্জ রামিসার পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) রাত প্রায় ১০টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় রামিসার বাবার কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। তিনি পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং রাষ্ট্র তাদের পাশে আছে বলেও আশ্বাস দেন।
পরিবারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এক সন্তানকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার নয়। কিন্তু আপনাদের আরেকটি সন্তান রয়েছে। তার ভবিষ্যৎ ও জীবনকে সামনে রেখে আপনাদের শক্ত থাকতে হবে।”
তিনি রামিসার বড় বোনের দায়িত্ব নেওয়ার কথাও জানান এবং পরিবারের প্রতি সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ সংশ্লিষ্টরা।
শিশু রামিসাকে ঘিরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত ও বিচারের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।






