আন্ডারস্ট্যান্ডিংয়েই গড়া সম্পর্ক, বিয়ে নিয়ে মুখ খুললেন জেফার

রাফসান সাবাবের সঙ্গে মানসিক মিল ও কাজের বোঝাপড়াকেই দিলেন গুরুত্ব।
টুইট প্রতিবেদক: বিনোদন অঙ্গনের আলোচিত জুটি সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব এবার প্রকাশ্যে জানালেন নিজেদের সম্পর্ক ও বিয়ের সিদ্ধান্তের পেছনের গল্প। পারস্পরিক বোঝাপড়া, কাজের প্রতি সম্মান এবং মানসিক মিল,এই তিন বিষয়কেই তারা সম্পর্কের মূল ভিত্তি হিসেবে দেখছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে জেফার বলেন, তাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো ‘আন্ডারস্ট্যান্ডিং’। তার ভাষায়, একে অপরের কাজ ও মানসিক জগতকে বুঝতে পারার কারণেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
জেফার বলেন, “অবশ্যই আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই বিয়ে করেছি। যেহেতু তার কাজটা আমি বুঝি, আবার আমার কাজটাও সে বোঝে।”
শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, পেশাগত ক্ষেত্রেও রাফসান সাবাবের প্রতি প্রশংসা ঝরেছে জেফারের কণ্ঠে। তিনি জানান, অনুষ্ঠান পরিকল্পনা ও সৃজনশীল ভাবনায় রাফসান অত্যন্ত দক্ষ। কাছ থেকে কাজ দেখেই তার প্রতি এই মুগ্ধতা তৈরি হয়েছে।
জেফারের ভাষায়, “ও যখন কোনো শো ডিজাইন করে, পুরো বিষয়টা খুব সুন্দরভাবে গড়ে তোলে। আমার কাছে সে একজন খুব ভালো ডিজাইনার।”
সংগীত নিয়েও রাফসানের আগ্রহের কথা তুলে ধরেন জেফার। তিনি জানান, নতুন কোনো গান বা কাজের প্রাথমিক খসড়াও এখন প্রথমে রাফসানের সঙ্গেই ভাগ করে নেন। কারণ, একজন মনোযোগী শ্রোতা হিসেবে রাফসানের মতামত তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সম্পর্কের শুরু প্রসঙ্গে জেফার জানান, তাদের পরিচয় মূলত কাজের সূত্রেই। আলোচিত চলচ্চিত্র ন ডরাই–এর নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার সময় সিনেমার প্রচারণার জন্য প্রথম রাফসান সাবাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয় মানসিক সংযোগ ও পারস্পরিক নির্ভরতা।
শোবিজ অঙ্গনে তারকাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিচ্ছেদের খবরের ভিড়ে জেফার-রাফসানের এই খোলামেলা স্বীকারোক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষ করে পারস্পরিক সম্মান ও কাজের বোঝাপড়াকে সম্পর্কের মূল শক্তি হিসেবে তুলে ধরায় তাদের বক্তব্য ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে ভক্তদের মধ্যেও।






