পার্থ-তটিনীর ‘অমর প্রেম’

ঈদে আসছে গ্রামবাংলার প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বের গল্প

টুইট প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অমর প্রেম’। গ্রামবাংলার প্রেম, প্রতিদ্বন্দ্বিতা ও ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত এ নাটকে জুটি বেঁধেছেন পার্থ শেখ ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন।

নাটকের গল্প আবর্তিত হয়েছে আত্রাই নদীর দুই পাড়ের দুটি গ্রাম,মির্জাপুর ও শাহজাহানপুরকে ঘিরে। মির্জাপুরের নেতৃত্বে রয়েছেন বাহাদুর মির্জা, আর শাহজাহানপুর নিয়ন্ত্রণ করেন শাহজাহান খান। দুই গ্রামের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের মাঝেই পরিচয় হয় মির্জার ছেলে পার্থ ও শাহজাহানের মেয়ে রাইসার। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় প্রেমে। কিন্তু তাদের সম্পর্ক জড়িয়ে পড়ে ভয়ংকর ক্ষমতার সংঘাতে।

নির্মাতা জানান, নাটকটিতে প্রেমের পাশাপাশি আবেগঘন মানবিক সম্পর্ক ও সামাজিক বাস্তবতার প্রতিফলনও থাকবে। তার ভাষ্য, দর্শক গল্পের চরিত্রগুলোর সঙ্গে সহজেই আবেগগত সংযোগ খুঁজে পাবেন।

সিএমভির ব্যানারে নির্মিত এ নাটকের চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার সজীব ও জাহিদুল ইসলাম সুজন। নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ এবং রাশেদ মামুন অপু।

চিত্রগ্রহণ করেছেন নাঈম ফুয়াদ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, আসন্ন ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।