ধর্ষণবিরোধী ক্ষোভে তমা মির্জা

ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল’ বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধেও প্রশ্ন অভিনেত্রীর

টুইট প্রতিবেদক: রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডে সারা দেশে যখন ক্ষোভ, শোক ও প্রতিবাদের ঢেউ বইছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। ধর্ষণ ও শিশু হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও।

নিজের ফেসবুক পোস্টে তমা মির্জা লিখেছেন, ধর্ষণের শিকার ব্যক্তির জানাজার আগেই ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে। এমন কঠোর শাস্তি কার্যকর করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার চিন্তাও করতে না পারে।

শুধু অপরাধীদের শাস্তির দাবি নয়, ধর্ষণ মামলায় অভিযুক্তদের পক্ষে আইনজীবীদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, “কিসের তদন্ত, কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ?”

রামিসাকে নিজের পরিবারের সদস্যের সঙ্গে তুলনা করে তমা বলেন, “রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের হত্যাকারীর বিচার চাই।” তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এরই মধ্যে মামলার গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে। জবানবন্দিতে সে জানিয়েছে, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের একাধিক ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও সরব হয়েছেন। মানবাধিকারকর্মীদের মতে, শুধু ক্ষোভ প্রকাশ নয়— দ্রুত বিচার, সামাজিক প্রতিরোধ এবং আইন প্রয়োগের কার্যকর বাস্তবায়ন ছাড়া এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয়।