বিমান বাংলাদেশর প্রি-হজ কার্যক্রম শেষ

৯৮টি ফ্লাইটে সৌদি আরবে গেলেন ৩৮ হাজারের বেশি হজযাত্রী।

টুইট প্রতিবেদক: পবিত্র হজকে সামনে রেখে পরিচালিত ২০২৬ সালের প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজি-৩৩৫ ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এ বছরের প্রি-হজ কার্যক্রম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ওই ফ্লাইটে ২১৫ জন হজযাত্রী ছিলেন। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে জাতীয় পতাকাবাহী সংস্থাটির হজ ফ্লাইট পরিচালনার প্রথম ধাপের সমাপ্তি ঘটে।

এর আগে গত ১৮ এপ্রিল ২০২৬ সালে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। উদ্বোধনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল চলতি বছরের হজযাত্রা কার্যক্রম।

বিমান কর্তৃপক্ষের তথ্যমতে, এবার মোট ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করে ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটি দাবি করেছে, পুরো কার্যক্রম নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সম্পন্ন হয়েছে।

শুধু নিজস্ব যাত্রী পরিবহনই নয়, ঢাকায় পরিচালনাকারী সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীদেরও গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন সেবা দিয়েছে বিমান। সব মিলিয়ে ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর সেবাকার্য দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হজযাত্রীদের জন্য বিশেষ সেবার অংশ হিসেবে এসিআই লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক পিএলসি–এর সহযোগিতায় বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ বিতরণ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানায়, এ বিশাল কর্মযজ্ঞ সফল করতে সংস্থাটির সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, প্রতিবছরের মতো এবারও হজ ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা বড় ধরনের পরীক্ষার মুখে ছিল।

নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক যাত্রী পরিবহন এবং সমন্বিত সেবা নিশ্চিত করা সংস্থাটির পরিচালন দক্ষতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।