ঈদ সামনে রেখে ইমামদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

চামড়া সংরক্ষণ ও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সচেতনতার আহ্বান
রাজশাহী প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা–২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় ঈদকে কেন্দ্র করে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে করণীয় বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ ও অপচয় রোধে ধর্মীয় ও সামাজিক সচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নাগরিক সচেতনতার পাশাপাশি ধর্মীয় নেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ইমামগণও পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং সচেতনতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।






