‘জয়’ ঘিরে নতুন জল্পনা

তৃষার রহস্যময় পোস্টে আবারও আলোচনায় থালাপতি বিজয়।
টুইট প্রতিবেদক: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন ও তামিল রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তৃষা কৃষ্ণান এবং থালাপতি বিজয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তৃষার একাধিক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিশেষ করে তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে ‘জয়’ শব্দটির ব্যবহার ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা কারুপ্পু এর শুটিংয়ের নেপথ্যের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন তৃষা। সেখানে তিনি লেখেন, “আমার অলৌকিক মে মাস বলছে, জয়ের জন্য আরও একটি। সবই ঈশ্বরের কৃপা।”
এই পোস্ট প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় নানা ব্যাখ্যা। অনেক ভক্তের দাবি, তৃষার ‘জয়’ শব্দটি কেবল সিনেমার সাফল্য নয়, বরং বিজয়ের সাম্প্রতিক রাজনৈতিক বিজয়ের প্রতিও ইঙ্গিত বহন করছে।
চলতি মাসের ৪ মে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজনৈতিক অঙ্গনে বড় চমক সৃষ্টি করে। একই দিন ছিল তৃষার ৪৩তম জন্মদিন। এরপর ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। সেই অনুষ্ঠানে তৃষার উপস্থিতি এবং বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গে তার আন্তরিক আলাপচারিতাও আলোচনায় আসে।
শপথ অনুষ্ঠানের পরদিন তৃষা নিজের কয়েকটি ছবি প্রকাশ করে লেখেন, “ভালোবাসার আওয়াজ সবসময় আরও জোরালো হয়।” এরপর থেকেই সামাজিক মাধ্যমে দুজনকে ঘিরে গুঞ্জন আরও তীব্র হয়।
এদিকে ১৫ মে মুক্তি পাওয়া কারুপ্পু বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে। সিনেমাটির শুরুতেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়কে বিশেষ ধন্যবাদ জানানো হয়, যা নিয়েও ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে।
তৃষা ও বিজয়ের সম্পর্ক নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। গিল্লি, থিরুপাচি, আথি এবং কুরুভির মতো একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকপ্রিয় জুটিতে পরিণত হন তারা।
দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে লিও সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরেন এই জুটি।
এরই মধ্যে চলতি বছরের মার্চে চেন্নাইয়ের একটি উচ্চপ্রোফাইল বিয়ের অনুষ্ঠানে একই গাড়িতে বিজয় ও তৃষার উপস্থিতি নতুন করে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে দেয়।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।
বিশ্লেষকদের মতে, তামিল সিনেমা ও রাজনীতির দীর্ঘ ইতিহাসে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক প্রায়ই জনআলোচনার বড় অংশ হয়ে ওঠে। আর সেই বাস্তবতায় তৃষার একটি ছোট্ট শব্দ ‘জয়’ এখন দক্ষিণ ভারতীয় বিনোদন অঙ্গনে নতুন রহস্যের জন্ম দিয়েছে।






